বিসিসি নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির ১২ পর্যবেক্ষক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচননির্বাচনে কমিশনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ১২ জন কর্মকর্তা পর্যবেক্ষক হিসাবে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারকে  এ পর্যবেক্ষক দলের প্রধান সমন্বয়কারী এবং ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে উপ-প্রধান সমন্বয়কারী দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর, গোপালগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, শরীয়তপুরের জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আবদুস ছালেক, বরিশালের আগৈলঝাড়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবিরউদ্দিন, বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, যশোরের অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৮ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রিটার্নিং অফিসারের কাছ হতে দায়িত্ব পালনের এলাকা  বন্টনের পর তারা নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা পর্যবেক্ষণের পর নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দেবেন।

আরও পড়ুন- আপিল বিভাগের নির্দেশনা ভঙ্গ করে বরিশাল সিটিতে গ্রেফতার নয়: হাইকোর্ট