বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ড ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৮ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের দেওয়া স্টিকার ব্যবহার করতে হবে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ২৭ জুলাই রাত ১২টা থেকে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ২৯ জুলাই রাত ১২টা থেকে ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় টেক্সিক্যাব, বেবিট্যাক্সি, অটোরিক্সা (সিএনজি), মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, ইজিবাইক এবং যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কতিপয় জরুরি যানবাহন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।