বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) প্রতি পূর্ণ আস্থা রাখতে পারছি না। কারণ, তারা বিভিন্ন ঘটনায় দৃশ্যমান কোনও পদক্ষেপ নিয়ে আমাদের সামনে তাদের কোনও শক্তিশালী অবস্থান উপস্থাপন করতে পারেনি।’
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল নগরের কাশিপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মনীষা চক্রবর্তী বলেন, ‘নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এখনও পর্যবেক্ষণ করছি এবং জনগণকেও আহ্বান জানাবো জনসম্পৃক্ততার মধ্যদিয়ে যাতে তাদের ভোটাধিকার রক্ষা হয়।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ না নেওয়ার কারণে আমাদের এবং জনগণের মধ্যে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। এ শঙ্কা যদি দূর করা না হয়, তবে খুলনা ও গাজীপুরের মতোই হবে এখানেও।’
মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, ‘আমাদের কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে আমরা থানার পাশাপাশি ইসির কাছেও অভিযোগ দিয়েছি। অন্য সমস্যার কথাও বলেছি তাদের। অন্য প্রার্থীরাও নানা সমস্যার কথা বলেছেন। ইসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।’
এসময় বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস), ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ওয়াইদুর রহমান মাহবুব, সিপিবির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।