শেরপুরে পৃথক ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

শেরপুরশেরপুরে পৃথক ঘটনায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রয়েছে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একজন, ফেসবুকে কোরআন শরীফ অবমাননা করার দায়ে একজন ও চাচীর হাত কেটে ফেলার মামলায়  একজন গ্রেফতার হয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি নওজেশ আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার জোলগাও এলাকার হযরত আলী ওরফে বাসু মেম্বাররের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাসু মেম্বাররের ঘরে বালিশের নিচে রাখা একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। বাসু মেম্বার এলাকার চিহিৃত একজন চোরাকারবারী ।

অন্যদিকে, ফেসবুকে অন্যের নামে ফেক আইডি খুলে কোরআন শরীফ অবমাননা করার দায়ে শাহ আলম (২৩) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । শাহ আলম নরসিংদী জেলার মনহরদি উপজেলার গুদারাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ নারায়নগঞ্জের পাগলা এলাকা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে সদর উপজেলার কুমরী গ্রামের শরিফ মিয়া নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছে। এছাড়াও নালিতাবাড়ী থানায় দায়ের করা চাচীর হাত কেটে ফেলার মামলায় ভাতিজা জাহাঙ্গীরকে (২৮) ঢাকা থেকে আটক  করেছে জেলা গোয়েন্দা পুলিশ।