শেষ পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা জমজমাট

শনিবার (২৮ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের প্রচারণা। এর আগের দিন শুক্রবার রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা ছিল তুঙ্গে। সমর্থকরা মিছিল-নেচে-গেয়ে নিজেদের প্রার্থীকে ভোটারদের কাছে তুলে ধরেছেন। এতে করে জমজমাট হয়ে উঠেছিল রাসিক নির্বাচনের আমেজ।

শুক্রবার রাজশাহী সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার মিছিল,  প্রতীক নিয়ে শোডাউন ও পথসভা করতে দেখা যায়। প্রার্থীরা সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লার বিভিন্ন প্রান্তে শোডাউন করতে থাকেন। সেই সাথে আসন্ন নির্বাচনে নিজ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

বিকেলে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোমিন প্রায় দুই হাজার সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় শোডাউন করেন। পরে নগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ কেন্দ্রীয় ঈদগাহের পাশের মাঠে সভা করেন।

১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুস সোবহান লিটন ঠেলাগাড়ী প্রতিক নিয়ে নগরীর সপুরা-দড়িখরবনা এলাকায় মিছিল করেন। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোমিনুল ওয়াহিদ হিরো লাটিম প্রতীক নিয়ে বিসিক এলাকায় শোডাউন করেছেন। একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেন মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে প্রচার মিছিল করেছেন। বিকেলে তিনি নগরীর শাহমখদুম থানা এলাকায় গণসংযোগ করেছেন।

১৬ নম্বর ওয়ার্ড মালদা কলোনী এলাকায় ঠেলাগাড়ি প্রতীকে প্রচার মিছিল ও গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী বেলাল হোসেন। ১২ নম্বর ওয়ার্ড এলাকায় সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম বাবু। নগরীর জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন তিনি। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান বাবলু তার বিপুল সমর্থকদের নিয়ে ঘুড়ি প্রতীকে শোডাউন করেন। একই সময়ে প্রচারণার মিছিল বের করেন কাউন্সিলর প্রার্থী রুবেল।

পিছিয়ে ছিলেন না সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ করেছেন তারা। প্রতীক হাতে কুশল বিনিময় করে ভোটারদের মন জয় করেন তারা।

প্রচারণা ছাড়াও ভোট সংক্রান্ত বিষয়েও প্রার্থীদের কর্মীরা লোকজনকে সচেতন করছেন। কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনি এজেন্টরা তালিকা অনুযায়ী এলাকাভিত্তিক ভোটারদের সিরিয়াল নম্বর বের করে বাড়ি বাড়ি পৌঁছানোর প্রস্তুতি শুরু করেছেন।

সব মিলিয়ে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার ঝড় তুলতে উঠে পড়ে লেগেছেন কাউন্সিলর প্রার্থীরা। এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীদের বাছাই করতেও আগ্রহ প্রকাশ করেছেন ভোটাররা। নির্বাচিত হওয়ার পর নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা।

উল্লেখ, এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আছেন পাঁচজন প্রার্থী। আর ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১৬০ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন আর নারী ১ লাখ ৫৬ হাজার ৮৫জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৭টি থেকে বেড়ে ১৩৮টি হয়েছে। বর্ধিত ভোটকেন্দ্রটি হচ্ছে অনন্যা শিশু শিক্ষালয়। এটি মহানগরীর ২৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত।