সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে পদযাত্রা

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মানববন্ধনঅবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবিতে নগরীতে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা ও মহানগর কমিটি এ কর্মসূচি পালন করেছে। এ সময় ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে নগরীর প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। সুজন- এর বরিশাল জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সুজনের জেলা শাখার সম্পাদক রনজিৎ দত্ত, মহানগর সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, আসন্ন সিটি নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি নগরবাসীর সুবিধার জন্য নগর ভবনকে জনপ্রনিধিত্বমূলক ভবন হিসেবে গড়ে তুলবেন।
মানববন্ধনে খাল ও জলাশয় মুক্ত রাখা, ড্রেনেজ ব্যবস্থা সচল, নগরকে বর্জ্যমুক্ত, নিরাপদ পানি সরবরাহ, নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলাসহ ১৬টি দাবি উপস্থাপন করা হয়। পরে একটি পদযাত্রা নিয়ে তারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।