বগুড়া সদর থানা পুলিশ শুক্রবার রাতে শহরতলির আশোকোলা গ্রামের বাড়ি থেকে ৫২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিন লিটন (৪০) নামে সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পৃথক ঘটনায় একটি দুর্ঘটনা কবলিত পিক আপ ট্রাক থেকে ২৬০ বোতল ফেনসিডিলও উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, আশোকোলা গ্রামের আবদুস সোবাহানের ছেলে রুহুল আমিন লিটন আগে সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহের পর বাড়ি থেকে পাইকারি ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গোপন খবর পেয়ে তার আশোকোলার বাড়িতে অভিযান চালানো হয়। ঘর থেকে ৫২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। পরে লিটনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে, পৃথক ঘটনায় বগুড়া সদর থানা পুলিশ শনিবার দুপুরে দ্বিতীয় বাইপাস মহাসড়কের জয়বাংলা বাজার এলাকায় দুর্ঘটনা কবলিত একটি পিকআপ থেকে ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।
এ ব্যাপারে সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, দুপুরে দ্বিতীয় বাইপাস মহাসড়কের জয়বাংলা বাজার এলাকায় একটি পিকআপের সাথে অটো রিকশার সংঘর্ষ হয়। এ সময় চালক ও হেলপার পিকআপ ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা পিকআপটিকে ঢেলে মানিকচক উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান। সেখানে পিকআপের ডালায় বিশেষ ব্যবস্থায় রাখা ২৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে পিকআপের মালিক ও চালকের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।