বড়পুকুরিয়া কয়লা খনিতে উচ্চ পর্যায়ের তদন্ত দল

বড়পুকুরিয়া কয়লা খনি (ছবি: প্রতিনিধি)দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা গায়েবের ঘটনা তদন্তে এসেছেন তিন সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় বড়পুকুরিয়া কয়লা খনিতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, পেট্রোবাংলার ডিরেক্টর (অপারেশন) ও তদন্ত কমিটির প্রধান কমরুজ্জামান, পেট্রোবাংলার যুগ্ম সচিব নুরুল হাসান। তারা খনি ইয়ার্ডসহ এলাকা পরিদর্শন করেন। তবে তারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজী হননি। জানা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা খনি এলাকায় বৃহস্পতিবার রাতেও অবস্থান করেন। আজ শুক্রবার (৩ আগস্ট) তারা ঢাকায় ফিরে যেতে পারেন।  

এদিকে কয়লা লুটপাটের প্রতিবাদে বৃহস্পতিবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা জড়িতদের বিচারের পাশাপাশি চাকরি স্থায়ীকরণের দাবিও উপস্থাপন করেন।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা উধাও হয়ে যায়।  এই ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবউদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে দুদক।

কয়লার অভাবে গত ২২ জুলাই থেকে বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র।

আরও পড়ুন- বড়পুকুরিয়া খনিতে চুরি হয়েছে ৩ লাখ টন কয়লা!