শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মত্যাগের ঋণ শোধ করার সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সে ঋণ শোধ করতে হবে জাতিকে।’
শনিবার (৪ আগস্ট) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘যে সরকার দেশের মানুষ এবং তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিয়েছে, সেই সরকারের প্রতি সবার সমর্থন থাকতে হবে। আর তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অনেকে উপস্থিত ছিলেন।