কুমিল্লায় মহাসড়কে অবস্থান নিয়ে লাইসেন্স পরীক্ষা করেছে শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান শিক্ষার্থীদের (ছবি- প্রতিনিধি)

ট্রাকচাপায় কুমিল্লার চান্দিনার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা উপজেলার সীমান্তবর্তী গোমতা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

কুমিল্লা হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম বলেন, ‘গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের আরও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের জানায়, তারা নিরাপদ সড়কের দাবিতে মানবন্ধন করবে। পরবর্তী সময়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পরিবহনের লাইসেন্স পরীক্ষা ও বিক্ষোভ করে। আমরা ঘটনাস্থলে আছি।’ পরিদর্শক মনিরুল ইসলাম দুপুর ১২টায় এ প্রতিবেদককে জানান, সড়কে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতায় ট্রাকচাপায় ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিহত হয়। এসময় আরও দুই জন আহত হয়।