পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় একটি ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে আনসার রোড-আসপাডা সড়ক অবরোধ করেছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে ১ টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, কোনো পরিবেশ ছাড়পত্র ছাড়াই চার বছর ধরে গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামের কারখানাটি সীসা পুড়িয়ে ব্যাটারি তৈরি করে আসছে। এতে পাশের কেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। বিদ্যালয়ের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। এলাকার আবাদি জমিসহ পরিবেশ দুষিত হয়ে উঠেছে। অনেক গবাদি পশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। কারখানাটি বন্ধের দাবি জানিয়ে এর আগে বেশ কয়েকবার মানববন্ধন করেছে স্থানীয়রা।
এরই জের ধরে শনিবার ওই কারখানার সামনে গিয়ে সড়ক অবরোধ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে পাশের স্কুলের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়। পরে তারা সড়ক বন্ধ রেখে মানবন্ধন করে।
বিষয়টি নিয়ে শ্রীপুর গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক অনোয়ার হোসেন বলেন, কারখানা ও সড়ক অবরোধের সময় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ক্ষতিকর ও অননুমোদিত কারখানা রক্ষার চেষ্টা করা হয়েছে। আগামী ৭২ ঘন্টায় কারখানা সরিয়ে না নিলে বুধবার কারখানা ঘেরাও কর্মসূচি ও কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুজ্জোহা বলেন, গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে পুলিশের সুরক্ষা চায়। তাই অনাকাঙ্ক্ষি পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল।