হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারকগ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ‘কৃষকের উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চালের আমদানি শুল্ক ২ ভাগ থেকে বাড়িয়ে ২৮ ভাগ করা হবে বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার কারণে আমাদের চাল আমদানির জন্য খোলাকৃত এলসিগুলোর বিপরীতে ভারতীয় রফতানিকারকদের অনুরোধ জানিয়ে গত ৫ ও ৬ জুন বন্দর দিয়ে ২ভাগ শুল্কে প্রায় ১২ হাজার টন চাল আমদানি করেন আমদানিকারকরা। এর মধ্যে ৪ হাজার টন চাল ২ ভাগ শুল্কে বন্দর থেকে ছাড় করানো সম্ভব হয়। তবে বাজেটের কারণে ৬ জুন বিকাল থেকে সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় কম শুল্কে আমদানিকৃত প্রায় ৮ হাজার টন চাল আটকা পড়ে যায়। ৭ জুন চলতি বছরের বাজেটে চালের আমদানি শুল্ক ২ ভাগ থেকে বাড়িয়ে ২৮ ভাগ করা হয়। আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় ২ ভাগ শুল্কে চালগুলো ছাড়করণের জন্য কাস্টমস ও এনবিআরের কাছে আবেদন জানিয়ে বন্দর থেকে চাল খালাস বন্ধ রাখেন। এতে করে বন্দর দিয়ে প্রায় ২৭/২৮ দিন চাল খালাস বন্ধ থাকে।’
তিনি আরও জানান, ২ জুলাই ভারতীয় ট্রাকের চালকরা আটকে থাকা ট্রাক থেকে চাল খালাসের দাবিতে আন্দোলন শুরু করলে বন্দর দিয়ে দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকে। পরে আটকে পড়া ট্রাক থেকে বন্দরের গুদামে চাল খালাস করে রাখা হয়। বিষয়টি নিয়ে জুলাই মাসের প্রথম দিকে ১৬জন আমদানিকারক হাইকোর্টে রিট করেন। কিন্তু দীর্ঘদিনেও এর কোনও সুরাহা না হওয়ায় ও চালের মান খারাপ হওয়ায় এবং বন্দরের মাশুল বেশি হওয়ার কারণে অনেক আমদানিকারক জুলাই মাসের শেষের দিকে বন্দর থেকে চাল খালাস করে নিয়েছেন। গত কয়েকদিনে বন্দর থেকে প্রায় ৪ হাজার টন চাল বাড়তি শুল্কেই খালাস করে নিয়েছেন আমদানিকারকরা। তবে রিট করা ১৬ জন আমদানিকারকের প্রায় ৪ হাজার টন চাল বন্দরের গুদামে আটকা ছিল। হাইকোর্টে সেই রিটটি খারিজ হয়ে যাওয়ায় সোমবার থেকে বন্দরে আটকে থাকা চালগুলো বাড়তি শুল্কেই খালাস করে নেওয়া হচ্ছে। আগামী দুএকদিনের মধ্যেই সব চাল খালাস করে নেওয়া হবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুল্ক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্দরের শেডে আটকে পড়া চালগুলো অবশেষে খালাস করে নিচ্ছেন বন্দরের আমদানিকারকরা। প্রতিদিনই আমদানিকারকরা তাদের চালগুলো খালাস করে নিচ্ছেন। তাতে করে আগামী দুএকদিনের মধ্যে বন্দরে আটকে থাকা সব চাল খালাস হয়ে যাবে।’
আরও পড়ুন- বাড়তি শুল্কেই হিলিতে চাল খালাস করছেন ব্যবসায়ীরা