স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে হঠাৎ নড়িয়ার কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার লঞ্চঘাট এলাকার বিশাল অংশ ধসে পড়ে মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। লঞ্চঘাট এলাকায় থাকা ৬/৭টি ছোট দোকানঘরও এ সময় নদীতে তলিয়ে যায়। ঘটনার সময় সেখানে স্থানীয় ব্যবসায়ীসহ প্রায় ৩৫/৪০ জন লোক ছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার পর এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে মূলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাই বক্স, ইমাম হোসেন কোটারি ও আকাশের নাম জানা গেছে।
দুর্ঘটনার শিকার সাধুরবাজার লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাই বক্স বলেন, ‘দুপুরে হঠাৎ করেই দোকান ঘরটি কেঁপে ওঠে। মুহূর্তেই দোকানঘরসহ পানিতে তলিয়ে যাই। পরে পানির ওপরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ জন লোক ছিল।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লঞ্চঘাট এলাকা নদীতে বিলীন হয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। তবে এই সংখ্যা বাড়তেও পারে। এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন- হঠাৎ চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ