খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম’ স্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।  দিবস উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১০টায় খাগড়াছড়ি সদরের রাজ্যমনি পাড়া এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা।

বেলা ১১টায় জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ। সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় ও জেলা ইউনিটের নেতারা বক্তৃতা করেন।

বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, তাদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন- বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত