শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় যশোর উপশহরের মানসী সিনেমা হলের পাশে রুমি ইন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। আহত নূর ইসলাম সেতু পুরাতন কসবা কাজীপাড়ার বাসিন্দা।
রুমি এন্টারপ্রাইজের মালিক কাজী রায়হান রুমি জানান, 'আমার প্রতিষ্ঠানে উপশহর এলাকার নজরুল ইসলাম ওরফে ঝন্টু চৌকিদারের ছেলে অন্তর বেশ কিছুদিন আগে কাজ করতো। তাকে প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় অন্তর তার ৩/৪জন সহযোগীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের অফিসকক্ষে ঢুকে ম্যানেজার সেতুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিষ্ঠানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা।'
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন জানান, সেতুর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।