সিলেটের মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। এসময় নগরবাসীর খেদমতে নিজেকে উৎসর্গ করার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ফলাফল নিয়ে বের হওয়ার সময় গণমাধ্যমকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নগরবাসীকে অভিনন্দন জানিয়ে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।
প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমার অনেক বিপদের সময় নগরবাসী সঙ্গে ছিলেন। এই নির্বাচনেও তারা তাদের মূল্যবান ভোট দিয়েছেন। এর আগেও তারা নানাভাবে আমাকে সাহস যুগিয়েছেন। আমি আমাকে এই নগরবাসীর খেদমতে উৎসর্গ করলাম।’
এর আগে শনিবার বিকালে সিলেট সিটি করপোরেশনের স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি জানান, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৪ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন একশ’ ৭৩ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন তিনশ’ ৫৪ ভোট।
তিনি আরও জানান, গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ২২১ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার চারশ’ ৬টি। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৬৭টি ভোট। হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৫৬৬ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার ৪৫৬টি এবং বাতিল হয়েছে ৫০টি ভোট।
আলীমুজ্জামানজানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।
গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই সময় অনিয়মের কারণে দুপুরের দিকে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরপর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করে। ওই ফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। ১৩২টি কেন্দ্রে আরিফুল হকের প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬টি ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ৮৭০টি।
আরও পড়ুন–
এক কেন্দ্রের ভোটেই জিতে গেলেন আরিফ
স্থগিত দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়ী আরিফ
দ্বিতীয়বারের মতো সিলেটের নগরপিতা আরিফ
আরিফকে সহযোগিতার আশ্বাস কামরানের