ভিজিএফের ৩ ট্রাক পচা চাল ফেরত দিলেন এমপি

বনপাড়া সরকারি গোডাউনে ভিজিএফের পচা চালঈদুল আজহাকে সামনে রেখে অতি দরিদ্র, দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় পাঠানো তিন ট্রাক পচা চাল ফেরত দিলেন এমপি আব্দুল কুদ্দুস। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরকারি গোডাউন থেকে তিনি চাল গুলো ফেরত পাঠান। চালের পরিমাণ ৪৮ মেট্রিক টন। চাল পাঠানো কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে তিনি গোডাউন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রবিবার এই ঘটনা ঘটে।

বনপাড়া গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ভিজিএফের জন্য পাবনার মুলাডুলি গোডাউন থেকে পাঠানো চালের ওজন ও মান দেখতে গোডাউন আসেন বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ আবদুল কুদ্দুস। এ সময় মুলাডুলি গোডাউনের পাঠানো ভিজিএফের চাল বহনকারী তিনটি ট্রাক গোডাউন চত্বরে ছিল। পরীক্ষা করে দেখা যায়, ট্রাকে আসা চালগুলো পচে গেছে। এগুলোর খাওয়ার উপযোগিতা নেই। তিনি তৎক্ষণাৎ চালগুলো ফেরত পাঠানোর নির্দেশ দেন এবং যারা পাঠিয়েছে তাদের বিরুদ্ধে অফিসিয়াল পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।এমপি আব্দুল কুদ্দুস

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করলে এমপি আব্দুল কুদ্দুস জানান, ‘অনেকদিন থেকেই চালের ওজন এবং মান সম্পর্কে জনগণ বিভিন্ন প্রশ্ন তুলে আসছিল। সরেজমিনে বিষয়টি দেখার পর আমি কষ্ট পেয়েছি।’ বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে গরীব-দুঃখী মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে দাবি করেন তিনি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।বনপাড়া সরকারি গোডাউন

এব্যাপারে যোগাযোগ করলে মুলাডুলি সরকারি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক দাবি করেন, মাত্র এক মাস আগে তিনি গোডাউনে যোগদান করেছেন।  চাল পাঠানোর আগে ওজন মান পরীক্ষা করা উচিত দাবি করে তিনি জানান, ‘যারা এ কাজের সাথে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন- ডাকাতের হাতে গেলো নগদ টাকা, প্রতারকের হাতে ১৭ লাখ টাকার গরু!