চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩২টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার (১৫ আগস্ট) সকাল ৮টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে তাতে তল্লাশি চালিয়ে সোনার বারগুলোর জব্দ করা হয়।
কাস্টমস সহকারী পরিচালক (বিমানবন্দর) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ সোনার বারের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা বলে তিনি জানান।
মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে বিমানের ফ্লাইটে সোনার বার আনা হচ্ছে –এমন একটি সংবাদ পেয়ে আমরা ফ্লাইটটি অবতরণের পর তাতে তল্লাশি চালাই। এসময় বিমানের মালামালের বক্সে একটি হ্যান্ডব্যাগে সোনার বারগুলো পাওয়া যায়। ব্যাগটির মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করা যায়নি।’