শুক্রবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। ‘তথ্যমন্ত্রী যে কাজটি করেন, সেজন্য তাকে জিয়া পরিবারের সমালোচনা-বিষয়ক মন্ত্রী বলা উচিত’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এই মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে সেই দল যারা পচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি বহন করছে। তাই বাংলাদেশ নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদেরও শায়েস্তা করতে হবে এবং রাজনীতি ও নির্বাচনের বাইরে নির্বাসনে পাঠাতে হবে। এটা রাজনৈতিক কথা, কোনও প্রতিহিংসার কথা নয়।’
জাসদ সভাপতি বলেন, ‘এখন যারা খালেদা, তারেক জিয়ার পক্ষে ওকালতি করছেন তারা কার্যত পাকিস্তানের দালাল, আলবদর-রাজাকারের দোসর, জঙ্গি-সন্ত্রাসীদের পৃষ্টপোষক। সুতরাং বিএনপি নেতারা এই ব্যাপারে আমার সমালোচনা করার মধ্যদিয়ে জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চেষ্টা করছেন।’
নজরুল ইসলাম খানকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, ‘সামনে নির্বাচন আছে, সংবিধান অনুযায়ী করবেন। কিন্তু নির্বাচন নিয়ে জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দরকষাকষি করে কোনও অপরাধীকে হালাল করার কোনও প্রক্রিয়ায় আমাদের সরকার যাবে না।’
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) একেএম জহিরুল ইসলাম, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন- শান্তিময় পরিবেশটাকে ভয়ঙ্কর রূপ দিতে বিএনপি উঠে পড়ে লেগেছে: কাদের