বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি: ২১টি মৃত গরু উদ্ধার

নারায়ণগঞ্জে গরুবাহী ট্রলারডুবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত ২১টি মৃত গরু ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩টি গরু। এ ঘটনায় ২৯ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গরু বেপারিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি এসএম মঞ্জুর কাদের।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় দুটি যাত্রীবাহী লঞ্চের প্রতিযোগিতার সময় এম ভি ধুলিয়া-১ লঞ্চের ধাক্কায় ২৯টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেলে ২৪টি গরু নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে ৫টি গরু উদ্ধার করা হয়। ২৪টি গরু নিখোঁজ থাকে। এ ঘটনায় গরুর বেপারিসহ ৭ জন আহত হয়। গরুবাহী ট্রলারটি টাঙ্গাইল জেলা পাকুল্যা থেকে ২৯টি গরু নিয়ে এবং ৪ গরুর বেপারিসহ ৯ জন মাঝি-মাল্লা নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠ হাটে যোগ দিতে আসছিল।নারায়ণগঞ্জে গরুবাহী ট্রলারডুবি

ফতুল্লা থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ‘রবিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারটি ভেসে ওঠে। এ সময় ট্রলার থেকে ২১টি মৃত গরু ও ট্রলারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও ৩টি গরু নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, গরুবাহী ট্রলার ডুবির ঘটনায় গরু বেপারিদের ২৯ লাখ টাকা ক্ষতি হয়েছে।’

আরও পড়ুন- যাত্রীবাহী দুই লঞ্চের প্রতিযোগিতা, গরুবোঝাই ট্রলারডুবি