হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ও ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি মিষ্টি ও ফুল উপহার দিয়ে বিজিবি ও বিএসএফের পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯ প্যাকেট মিষ্টি ও বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ১২ প্যাকেট মিষ্টি ও ফুল উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক, কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর গিরিজ কুমার, মিথিলেশ শেখরসহ উভয়বাহিনীর নারী ও পুরুষ সৈনিকগণ উপস্থিত ছিলেন।ঈদে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার ও হিলি ক্যাম্পসহ আশেপাশের ক্যাম্পের জন্য বিজিবির পক্ষ থেকে সর্বমোট ৯ প্যাকেট মিষ্টি উপহার হিসেবে দেওয়া হয়। অপরদিকে ভারতের বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ও পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, ফুলবাড়ি-২৯ বিজিবি বাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার,  বিজিবির হিলি আইসিপি ক্যাম্পসহ আশেপাশের ক্যাম্পের জন্য বিএসএফের পক্ষ থেকে সর্বমোট ১২ প্যাকেট মিষ্টি উপহার হিসেবে দেয়।

 ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগি বাংলা ট্রিবিউনকে জানান, ঈদ, পূজা ও দিওয়ালিসহ দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে সীমান্তের দায়িত্বে নিয়োজিত বিজিবি ও বিএসএফ একে অপরের মাঝে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। যাতে করে দু’বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। সেই আলোকে আজকে আমরা বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। সেই সঙ্গে বাংলাদেশিদের ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

ঈদ উপলক্ষে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়করা শুভেচ্ছ বিনিময় করছে

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানান, আজ পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। দুদেশের প্রতিটি অনুষ্ঠানেই আমরা দু’বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় রাখি। উপহার হিসেবে মিষ্টি ও ফুল দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাই। যাতে করে দুই বাহিনীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে।