নওগাঁ জেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ। জানা যায়- সাপাহার, নিয়ামতপুর, পোরশা এবং ধামইরহাট এই চারটি উপজেলা ভারতের সীমান্তে। তাই ভারতে চামড়া পাচারের আশঙ্কায় নওগাঁর সীমান্তগুলোতে কড়া পাহারা বসিয়েছে বিজিবি। বিজিবির পাশাপাশি তৎপর রয়েছে নওগাঁ জেলা পুলিশ।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান বলেন, ‘চামড়া পাচার রোধে সর্বদা সজাগ রয়েছে বিজিবি। কোনভাবেই দেশের বাইরে চামড়া পাচার হতে দেওয়া হবে না। এজন্য বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। জেলার যেসব স্থান দিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কা রয়েছে এমন স্থানে বিজিবির সতর্ক-চৌকি বসানো হয়েছে।’
নওগাঁ জেলা পুলিশ সুপার মো: ইকবাল হোসেন বলেন, ‘বিজিবির পাশাপাশি জেলার সীমান্তবর্তী সড়কগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। আজ থেকে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহনে পুলিশ তল্লাশি চালাছে। কোরবানির চামড়াবাহী কোনও গাড়ি সীমান্তের দিকে কেউ নিয়ে যেতে পারবে না। চামড়া পাচার রোধে ২৪ ঘণ্টা কাজ করবে পুলিশ।’