সাদুল্যাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পুকুরে ডুবে লোকমান হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. মাফুজুর রহমান (মাফু) এ খবর নিশ্চিত করেন।

শিশু লোকমান হোসেন বিরাহিমপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ইউপি সদস্য মো. মাফুজুর রহমান (মাফু) জানান, আজ দুপুরের দিকে নিজ বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন লাশ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ‘পানিতে ডুবে লোকমানের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পরিবারের লোকজন শিশুটির লাশ দাফন করেছে।’