নিহত আক্তার কাটখাল ইউনিয়নের চরকাটখা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) চর কাটখাল গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় হক মিয়া বাড়ি ও হাশিম মিয়া বাড়ির শিশুরা। এদিন খেলা নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ঝগড়া হয়। ঘটনা জানার পর দুই বাড়ির অভিভাবকরা ফুঁসতে থাকেন এবং মারামারির প্রস্তুতি নেন। আজ (শুক্রবার) দুপুরে দুই বাড়ির লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হাশিম মিয়া পক্ষের আক্তার গুরুতর আহত হন। তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া, গুরুতর আহত একই পক্ষের জয়নালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলা নিয়ে ছোটদের ঝগড়ার ঘটনা মীমাংসা না করে বড়রা মারামারিতে লিপ্ত হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, ‘আর যেন কোনও সংঘর্ষ না হয়, সে চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। তবে ভেতরে ভেতরে উত্তেজনা রয়েছে।’
ওসি মো. আলিমূল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। নিহত আক্তার উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’