শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সংলাপের নামে স্ট্যান্টবাজি করে বিদেশিদের বুঝাতে চায় সরকার সংলাপ চায় না। সরকার কতবার সংলাপের দরজা খুলতে চেয়েছে, কিন্তু বিএনপি সেই দরজা বন্ধ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কোটা আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে, বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তারা আগেভাগেই অনুমান করে ফেলেছে। এমনও হতে পারে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে, তবে আমাদের কী করার আছে?’
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমী, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।