বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামে বেশ কয়েকজন শিশু। এর মধ্যে তুহিন মিয়া (১২) নামে এক শিশু ডুবে যাওয়ার উপক্রম হলে খালের পানিতে ঝাঁপ দেন মাহাবুল মিয়া (২৫) নামে এক তরুণ। কিন্তু মাহাবুল শিশুটিকে উদ্ধার করতে তো পারেননি; উপরন্তু তিনিও খালে ডুবে মারা গেছেন।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তুহিন মিয়া গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও মাহাবুল মিয়া একই গ্রামের হাসমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (শুক্রবার) দুপুরে বৃষ্টির মধ্যে শিশু তুহিন তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের খালে গোসল করতে নামে। সঙ্গীদের নিয়ে পানিতে দাপাদাপির একপর্যায়ে সে ডুবে যেতে বসলে কিছুটা দূর থেকে তা দেখেন মাহাবুল। এরপর তিনি দৌড়ে এসে শিশুটিকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। কিন্তু শিশুটির সঙ্গে মাহাবুলও তলিয়ে যান। পরে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ওসি মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই জনের লাশ দাফনে পরিবারের লোকজনকে অনুমতি দেওয়া হয়েছে।’
এদিকে, পানিতে ডুবে একসঙ্গে দু’জনের মৃত্যুর খবর পেয়ে তাদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।