‘হাটহাজারীতে শিশুদের মধ্যে হাম শনাক্ত হয়েছে’

হাটহাজারীতে শিশুদের মধ্যে `অজ্ঞাত` রোগ
চট্টগ্রামের হাটহাজারীতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন স্যাম্পল পরীক্ষা করে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। সোমবার (২৭ আগস্ট) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ‘গতকাল রবিবার চিকিৎসাধীন শিশুদের মধ্য থেকে ছয়টি স্যাম্পল বা নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। গবেষণাগারে পরীক্ষা করে এগুলোতে হাম পাওয়া গেছে।’হাটহাজারীতে শিশুদের পরীক্ষা করেন বিশেষজ্ঞরা

এদিকে চার শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকা পরিদর্শন করছেন বাংলাদেশ   রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআরবি) চার সদস্যের গবেষক দল। সোমবার বিকালে গবেষক দলের সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেন। তারাও আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করেন।

জেলা সিভিল সার্জন আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোনাই ত্রিপুরা পাড়ায় এক সপ্তাহের ব্যবধানে চার শিশুর মৃত্যুর ঘটনায় বিষয়টি খতিয়ে দেখতে আইইডিসিআরবি’র চার সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছেন। বর্তমানে তারা হাটহাজারী আছেন। তারা শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন। পাশাপাশি আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যাবেন।’হাটহাজারীতে শিশুদের পরীক্ষা করেন বিশেষজ্ঞরা

এ ঘটনায় বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মকর্তা ডা. রেজাউর রহমান খান হাটহাজারীতে এসেছেন। এ সম্পর্কে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মকর্তা ডা. রেজাউর রহমান খান হাটহাজারীতে এসেছেন। তিনি অজ্ঞাত রোগে আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। এখন সোনাই ত্রিপুরা পাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন।‘

আক্রান্ত শিশুদের অবস্থা উন্নতির দিকে আছে বলে তিনি জানান। ডা. ইমতিয়াজ হোসেন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ত্রিপুরা পল্লীর ১৯ শিশুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবিবার রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) স্থানান্তর করা হয়েছে। এছাড়া ত্রিপুরাপল্লীতে আমাদের একটা মেডিক্যাল টিম আছে। তারা ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের তালিকা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ওই পাড়ার শিশুরা টিকা নিয়েছে কি না আমরা তা খতিয়ে দেখছি।’হাটহাজারীতে চিকিৎসাধীন শিশুরা

এর আগে রবিবার (২৬ আগস্ট) ওই পাড়ার এক শিশুর মৃত্যুর ঘটনায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ছয় দিনে এই শিশুটি সহ মোট চার শিশুর মৃত্যু হয়। পরে ওই এলাকার আক্রান্ত আরও ২২ শিশুকে সনাক্ত করে হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থা বর্তমানে উন্নতির দিকে বলে জানান চিকিৎসকরা।

আরও পড়ুন- হাটহাজারীতে ‘অজ্ঞাত রোগে’ চার শিশুর মৃত্যু