বাসচাপায় যুবকের মৃত্যু, স্থানীয়দের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় রেজাউল করিম রনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বলে তিনি জানান।

জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক কাজে রনি সীতাকুন্ডের কুমিরা এলাকায় যান। সেখান থেকে আসার পথে ৪ নম্বর রুটের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বাসের চালক ইচ্ছাকৃত এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধও করেন। এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেই। অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।’