কুমিল্লার আদালতে খালেদা জিয়ার মামলার শুনানি আজ

আদালতে খালেদা জিয়া (ফাইল ফটো)কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিন ধার্য করা হয়েছে। গত ২০ আগস্ট খালেদা জিয়ার পক্ষে শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে কোনও আদেশ না দিয়ে, অধিকতর শুনানির জন্য এ দিন ধার্য করেন কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিতে এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুলে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।