রংপুরে পিপির কাছে কোটি টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি দিয়ে চিঠি

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রংপুরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট আব্দুল মালেকের কাছে এককোটি টাকা চাঁদা দাবি, অন্যথায় হত্যার হুমকি দিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির  নামে একটি চিঠি এসেছে। এ ঘটনায় পিপি মালেক কোতোয়ালি থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। কোতোয়ালি থানার ওসি মোখতারুল ইসলাম জিডিরবিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, বুধবার (২৯ আগস্ট) বিকালে পোস্ট অফিসের মাধ্যমে আসা একটি রেজিস্ট্রি চিঠি খুলে তিনি দেখতে পান, সেখানে তাকে উদ্দেশ করে লেখা হয়েছে— আগামী সাত দিনের মধ্যে এককোটি চাঁদা না দিলে  হত্যা করে তার মাথা নীলফামারীতে পাঠিয়ে দেওয়া হবে। চিঠিতে আরও বলা হয়েছে— ওনার (পিপি) ওপরে তাদের লোকজন সার্বক্ষণিক নজরদারি করছে। চিঠির শেষে ‘কমান্ডার, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ লেখা রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনার পর বুধবার রাতেই কোতোয়ালি থানায় নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন বলে জানান পিপি আব্দুল মালেক।

পিপি মালেক চিঠি দেখিয়ে বলেন, হাতে লেখা চিঠিটি পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

তিনি আরও জানান ,এর আগে তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে জাপানি নাগরিক হোশিও কুনি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান কৌসুঁলি ছিলেন। ওই দুই মামলায় ১২ জেএমবি জঙ্গির ফাঁসির আদেশ হয়েছে। তবে কারা তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে— তা তিনি নিশ্চিত হতে পারছেন না। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে বলেও জানান পিপি আব্দুল মালেক।

কোতোয়ালি থানার ওসি মোখতারুল ইসলাম তিনি পিপি’র  জিডি দায়েরের কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এদিকে চিঠি পাবার পর সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি অবহিত করেছেন বলে পিপি মালেক জানান।