টেকনাফে খালে পড়ে দাদা-নাতনি নিখোঁজ

কক্সবাজারকক্সবাজারের টেকনাফে গরু আনতে গিয়ে নাফনদী সংলগ্ন মৎস্য ঘেঁরে পড়ে দাদা-নাতনি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় গরু আনতে গিয়ে আর ফেরেননি তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত এখনও তাদের খোঁজ মেলেনি।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইউসুফ আলী (৭৫) (দাদা) ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) (নাতনি) নাফনদী সংলগ্ন মৎস্য ঘেঁরে গরুর পাল আনতে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে বের হন। তাদের না পেয়ে বিষয়টি স্থানীয় জন প্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। তারই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রণয় চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রণয় চাকমা জানান, নিখোঁজদের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি খোজঁ খবর নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের একটি দল খালে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।