ফেসবুকের ওই পোস্ট বার্তায় নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ‘আমার সরকারি নম্বরটি ক্লোন করে কে-বা কারা আড়ানী, গড়গড়ি ও বাউসা ইউনিয়ন পরিষদের সচিবসহ অনেকের কাছ থেকে চাঁদা দাবি করছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’ তিনি এ ঘটনায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে নির্বাহী কর্মকর্তার ফেসবুক স্ট্যাটাস (বার্তা) দেখে আড়ানী ইউনিয়নের সচিব হাসানুজ্জামান, গড়গড়ি ইউনিয়ন সচিব উজ্জল হোসেন ও বাউসা ইউনিয়ন সচিব রফি আহম্মেদের কাছে জানতে চাইলে তারা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ইউএনও’র সরকারি নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, কিছু টাকার দরকার। এ কথা শুনে তারা অবাক হন। এরপর ফোন কেটে ইউএনওকে ঘটনাটি জানালে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, ‘আড়ানী, গড়গড়ি, বাউসা ইউনিয়ন সচিবসহ কয়েকটি ফোন আসে আমার কাছে। তাদের বিভিন্ন কাজের কথা বলে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানার পর প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, ‘এক শ্রেণির অসাধু ব্যক্তি সফ্টওয়ার কিনে এ ধরণের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এটা সাইবার অপরাধ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’