শিশু আকিফার মৃত্যু: ঘাতক বাস জব্দ

জব্দ ফয়সাল গঞ্জেরাজ বাসকুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফা খাতুনের মৃত্যুর ঘটনায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। তবে মামলার তিন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান।

এসপি মেহেদী হাসান জানান, ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পড়ে ছিল, সেখান থেকে কুষ্টিয়া পুলিশ বাসটি জব্দ করে ভোরের দিকে কুষ্টিয়া নিয়ে আসে। তবে মামলার কোনও আসামিকে সেসময় ওই এলাকায় পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হবে।

এসময় সেখানে অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নুরানী ফেরদৌসী দিশাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস ফয়সাল গঞ্জেরাজ। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা খাতুন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় দণ্ডবিধির-৩০৪ ধারায় মামলা দায়ের করেন নিহত আকিফার বাবা হারুন উর রশীদ। নিহত আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার খুদ্র ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।