ঝুট ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যা, ৪ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় পাওনা টাকা চাওয়ার অপরাধে ঝুট ব্যবসায়ী সুমনকে (৩৫) হত্যা  ঘটনায় শনিবার (১ সেপ্টেম্বর) রাতে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সুমনের মা কিসমত বেগম বাদী হয়ে রাত সাড়ে ১১টায় বিপ্লব, তার স্ত্রী শায়লা আক্তার, সোহেল মণ্ডল ও হোটেল মাসুদসহ আরও অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এস এম মঞ্জুর কাদের জানান,মামলায় উল্লেখ করা হয়েছে— বিপ্লব ও সোহেল মণ্ডল কয়েক মাস আগে সুমনের কাছ থেকে ৭০ হাজার করে দুজনে মোট একলাখ চল্লিশ হাজার টাকা ধার নেয়। একমাস পরে এ টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তারা সুমনকে নানাভাবে হয়রানি করে আসছিল। শুক্রবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে সুমনকে বিপ্লবের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়।

মঞ্জুর কাদের আরও জানান,বিপ্লবের বাড়িতে গেলে সেখানে বিপ্লবের স্ত্রী শায়লা আক্তার, সোহেল মণ্ডল ও হোটেল মাসুদ সুমনকে ঝাঁপটে ধরে। এ সময় বিপ্লব পেট্রোল বা কোরেসিন দিয়ে সুমনের শরীরে আগুন ধরিয়ে দেয়। সুমন এসময় শরীরে আগুন নিয়ে ঘর বের হয়ে এসে চিৎকার করতে থাকেন।পরে তাকে অগ্নিদগ্ধ  অবস্থায় উদ্ধার করে প্রথমে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মারা যান।