নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু





নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ নগরীর জামতলা তারা মসজিদ এলাকায় শাহাদাত হোসেন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ শনিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় নিজ বাসা থেকে শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহাদাত হোসেন ঢাকার সেগুনবাগিচা এলাকায় এজি অফিসের সিনিয়র অডিটরের পদ থেকে পাঁচ বছর আগে অবসর গ্রহণ করেন। জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে শাহাদাত হোসেনের পারিবারে অশান্তি চলে আসছিল।


পরিবারের লোকেরা জানায়, শনিবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়। তিন দিন আগে শাহাদাত হোসেন বন্দর থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তখন ছিনতাকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। শাহাদাত হোসেনের শরীরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। প্রতিবেশীরা জানায়, শাহাদাত হোসেন মাঝে মাঝেই দুই-একদিনের জন্য নিখোঁজ হয়ে যেতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, শাহাদাত হোসেনকে হত্যা করার মতো প্রাথমিকভাবে কোনও আলামত পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।