প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সুলায়া ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চারঘাট বিএনপি। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সলুয়া ঈদগাহ মাঠে জড়ো হচ্ছিলেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে মাঠে উপস্থিত হন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ। এ সময় পুলিশ গিয়ে মাঠটি ঘিরে ফেলে এবং নেতাকর্মীদেরকে মাঠের ভেতরে ঢুকতে বাধা দেয়। তা দেখে আবু সাঈদ চাঁদ বের হয়ে মাঠের গেটে আসেন। প্রথমে পুলিশ তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পুলিশের কথা না শুনে তিনি নেতাকর্মীদের আলোচনা সভায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করেন। এ সময় পুলিশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
পুলিশের দাবি, এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপরে চড়াও হন। তখন পুলিশ আবু সাঈদ চাঁদসহ ১২ নেতাকর্মীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়াই সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ কারণে পুলিশ সেখান থেকে বিএনপির নেতাকর্মীদের চলে যেতে বলে। কিন্তু তারা না শুনে পুলিশের ওপরে চড়াও হন এবং সরকারি কাজে বাধা দেন। পরে সেখান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।’