ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে টিটু ও সাদ্দাম নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে স্থানীয় বটতলী বাজারে চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশাকে উপজেলা চেয়ারম্যানের সামনে মারপিট করা হয়। ছাগলনাইয়া থানার পরিদর্শক এমএম মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে একই ইউনিয়নের চাঁদগাজী আবুল কালাম মাস্টার নামক এক ব্যক্তির বাড়ি থেকে একটি স্মার্ট ফোনসহ মানিব্যাগ চুরি হয়। ঘটনার পরের দিন মাস্টার আবুল কালাম চোর সন্দেহে সালাউদ্দিন নামে এক জনকে চাঁদগাজী বাজারে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশে দেন। পরে সালাউদ্দিনকে মারধর করে আহত করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
এর জের ধরে শুক্রবার সালাউদ্দিনের পক্ষে একই এলাকার আওয়ামী লীগ নেতা মামুনের নেতৃত্বে মাস্টার আবুল কালামের বিচারের দাবিতে মিছিল নিয়ে বের হয়ে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসের সামনে যায়। এসময় একই ইউনিয়নের জয়নগর গ্রামের মাস্টার আবুল কালাম গ্রুপ ও মাটিয়াগোদা গ্রামের মামুন গ্রুপের মধ্যে হাতাহাতিসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এসময় উভয় পক্ষকে শান্ত করতে চেয়ারম্যান গরীবশাহ চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ঘটনার খবর পেয়ে রাত ৮টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার লোকজন নিয়ে চাঁদগাজী বাজারের বটতলী আসেন। এসময় মাস্টার আবুল কালামের ওপর হামলার ঘটনায় মামলা দিতে বেশকজনের নাম দিতে বলেন চেয়ারম্যান সোহেল চৌধুরী। কিন্তু মামলায় কয়েকজনের নাম উল্লেখ করা নিয়ে অপারগতা প্রকাশ করেন মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী। এ নিয়ে মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হলে তাকে ছাত্রলীগ নেতা সাদ্দাম ও টিটুসহ বেশকয়েকজন উপজেলা চেয়ারম্যানের সামনে তাকে মারপিট করেন।
মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী জানান, এই ঘটনায় থানায় মামলার দেওয়া হয়েছে। হামলার সময় ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়াদার সোহেল উপস্থিত ছিলেন ।
এই ব্যাপারে চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল চৌধুরী বলেন, ‘ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের লোকজন অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে শুনে সেখানে ছুটে যাই। চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’