যশোরের শার্শায় ৩৯ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে নাশকতার মামলা দিয়েছে পুলিশ। এই মামলায় আটক করা হয়েছে ৯ জনকে। রবিবার (২ সেপ্টেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান।
আটক আসামিরা হলেন- শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের নূরুল হক মোড়লের ছেলে আজগর আলী (৪২), আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন (৪৩), গোলাম নবীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), আব্দুল অহেদ এর ছেলে নিপন হোসেন (২৮), যাদবপুর গ্রামের শান্তিপুর পাড়ার আবু হানিফের ছেলে মেহেদী হাসান জনি (৩০), রামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাকী বিল্লাহ (৩৮), রাড়িপুকুর গ্রামের নবীছদ্দিনের ছেলে রুস্তম আলী (৪২) ও বাগআঁচড়া গ্রামের মৃত রুপচাঁদ বিশ্বাসের ছেলে আলমগীর কবীর (৪৫) ও তার ছোট ভাই মতিয়ার রহমান (৪১)।
শার্শা থানা পুলিশ জানায়, আটক আজগরের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে আসামিরা মিটিং করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে। এসময় অনেক আসামি পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ২০টি রেল লাইনের পাথর ও ১৩টি লাঠি জব্দ করা হয়েছে।
এই ব্যাপারে আটক আসামিদের স্বজনরা জানান, রাত আড়াইটার দিকে শার্শা থানার পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করে তাদের আটক করেছে।
তারা আরও জানান, আটক আসামিদের নামে কোনও মামলা নেই। তাদের অপরাধ তারা বিএনপি করে।
আটক একজন আসামির স্ত্রী জানান, ঘরের গেট ও দরজা ভেঙে তার স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানান, তার স্বামী কিছুদিন আগে বিদেশ (মালয়েশিয়া) থেকে বাড়ি এসেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান জানান, জামায়াত-বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে নাশকতার মামলা করা হয়েছে এবং ৯ জনকে আটক করা হয়েছে।