নরসিংদীতে অপহরণের একদিন পর তরুণ উদ্ধার, গ্রেফতার ৩

গ্রেফতারনরসিংদীতে অপহরণের একদিন পর ইমরুল হোসেন (২৫) নামে এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীচক্রের তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

ইমরুল হোসেন মনোহরদীর কাঁচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকা থেকে অপহৃত হন।

গ্রেফতার তিনজন হলেন ঘোড়াদিয়া এলাকার ভাড়াটিয়া মর্জিনা বেগম, তার স্বামী রতন মিয়া ও ভাই রনি মিয়া। পুলিশ জানায়, এই তিনজনের স্থায়ী কোনও ঠিকানা নেই। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ঘর ভাড়া নিয়ে কিছুদিন থাকে। এরপর অপহরণের পর মুক্তিপণ আদায় করে ওই এলাকা ত্যাগ করে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন কুমার সরকার জানান, প্রেমের ফাঁদে পেলে ইমরুল হোসেনকে অপহরণ করা হয়। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।