কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে ইমন ওরফে ইমু (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের বাঁকা চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই ফরহাদ হোসেন খোকন এসব তথ্য জানান।
ইমন ওরফে ইমু বাঁকা চড়াইল গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
এসআই ফরহাদ হোসেন খোকন বলেন, ‘কয়েক দিন আগে বাঁকা চড়াইল এলাকায় মাঠে ফুটবল খেলা নিয়ে কয়েকজনের কথা কাটাকাটি হয় ইমনের। এর জেরে আজ দুপুরে ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় ইমনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপায় ৪-৫ জন দুর্বৃত্ত।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ইমনের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে তাকে নিয়ে যান জিনজিরা ইউনিয়নের ছাটগাওস্থ সাজেদা হাসপাতালে। এখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’