আত্রাইয়ে বিএনপির চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা

আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে পুলিশের লাঠিচার্জসরকারি কাজে বাধাদানের অভিযোগে নওগাঁর আত্রাই থানায় উপজেলা বিএনপির চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সুতসোম সরকার বাদী হয়ে শনিবার এ মামলা দায়ের করেন। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্যটি সাংবাদিকদের জানান। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছে উপজেলা বিএনপি। 

মামলার এজাহারে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজুসহ ৩১ জনের নাম উল্লেখসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির নামে বেআইনিভাবে জনতা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সড়কে চলাচলরত জনসাধারণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে মামলার বাদীসহ বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হন। বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় বলেও এজাহারে উল্লেখ আছে।

এ ব্যাপারে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, ‘এ মামলাটি হচ্ছে হয়রানিমূলক মিথ্যা মামলা। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষির্কীর র‍্যালি শান্তিপূর্ণ হলেও পুলিশ অতর্কিতে র‍্যালিতে হামলা করে বিএনপি নেতাকর্মীদের মারপিট করে। এতে প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী আহত হয়। আত্রাই থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) আগে থেকে চিঠি দিয়ে জানানোর পরও পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে লাঠিচার্জ করে। আত্রাই উপজেলা বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রামকে ভিন্নখাতে প্রবাহিত করা এবং উপজেলাকে বিএনপির নেতাকর্মীশূন্য করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন- মির্জা ফখরুলের মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে: হাছান মাহমুদ