আড়াইহাজারে ইমাম অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের ইমাম অপসারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেরা উচিতপুরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি এমএ হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আলীসাদি কান্দাপাড়া মসজিদের ইমাম সফিকুল ইসলাম র্দীঘদিন ধরে এই মসজিদে ইমামতি করে আসছিলেন। সম্প্রতি সুরা পড়া নিয়ে ইমামের ভুল ধরে স্থানীয় জামাল উদ্দিনের ছেলে শহিদুল্লাহ। এনিয়ে ইমামের সঙ্গে শহিদুল্লাহ তর্কবিতর্ক হয়। শহিদুল্লাহ বেশ কয়েকদিন ধরে ইমাম সফিকুল ইসলামকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য স্থানীয় মুসল্লিদের মধ্যে প্রচারণা চালায়। সোমবার সকালে  একই এলাকার আবুল কাশেম ইমাম বিরোধী প্রচারণার কথা শহিদুল্লাকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এসময় তাদের সঙ্গে থাকা দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজার উপজেলা সরকারি হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

মসজিদের ইমাম সফিকুল ইসলাম জানান, বিভিন্ন কারণে শহিদুল্লাহ প্রায় সমই মুসল্লিদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করছেন। সমাজের মুরুব্বিরা শহিদুল্লাহকে এসব ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের ওপর হামলা চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, ‘এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’