আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন ১০ সেপ্টেম্বর

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

এদিকে কনফারেন্সকে সফল করার জন্য আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুজ্জামান। তিনি জানান, ‘ভিডিও কনফারেন্স উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে এক সুধী সমাবেশ আয়োজনের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’

এদিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন গত ১ সেপ্টেম্বর আখাউড়ায় সাইট পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, আগামী ১০ সেপ্টেম্বর আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের কাজের উদ্বোধন উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে সুধী সমাবেশে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীও উপস্থিত থাকতে পারেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের কাজ সম্পন্ন হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

এর আগে ২০১৬ সালের ৩১ জুলাই একই প্রকল্পের ভারতের আগরতলা অংশে কাজের উদ্বোধন করেন বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ও ভারতের রেলপথমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। এরই মধ্যে ভারতের অংশে রেলপথ নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- রাজধানীতেও ‘নো হেলমেট নো পেট্রোল’