নাটোরের বড়াইগ্রামে আটক হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। থানা পুলিশের অনুমতি ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করায় তাদের সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।মঙ্গলবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হচ্ছেন বড়াইগ্রাম শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকার,শহর ছাত্রদলের সভাপতি শাহাদত হোসন শামীম, টিটু শেখ, সজীব হোসেন, ছাত্রদলকর্মী সাজদার হোসেন,আশরাফুল শেখ ও যুবদলকর্মী আকতার হোসেন।
শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল জানান, সোমবার সন্ধ্যায় মৌখাড়া বাজার বিএনপি কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলাচনা সভার আয়াজন করা হয়। মূলত পুলিশের অনুমতি না নিয়ে এই অনুষ্ঠান করায় নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বড়াইগ্রাম থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতদের মুক্তি দাবি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি করার লক্ষে ঘরোয়া সভা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি মঙ্গলবার বিকেলে জানান, এস আই তহসেনুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা দায়ের করেছেন।আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তহসেনুজ্জামান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছেন।