নাটোরে সড়ক দুর্ঘটনা: বাসচালক রিমান্ডে, হেলপারের জামিন

চালকের (দাঁড়িওয়ালা) কাঁধে ভর করে আদালতে আসছেন হেলপার (ছবি- প্রতিনিধি)

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার চ্যালেঞ্জার বাসের চালক শামীম হোসেনের একদিনের রিমান্ড ও তার সহকারী (হেলপার) আব্দুস সামাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (লালপুর আদালত) সুলতান মাহমুদ এ আদেশ দেন। নাটোর আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মোস্তাফিজুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম এবং নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার বাসচালক শামীম হোসেন ও তার সহকারী (হেলপার) আব্দুস সামাদকে আদালতে হাজির করে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ওইদিন আদালত শুনানির জন্য আজকের দিনটি (৫ সেপ্টেম্বর) নির্ধারণ করেন। আজ  দুপুরে শুনানি শেষে আদালত বাসচালক শামীম হোসেনের একদিনের রিমান্ড ও হেলপার আব্দুস সামাদের জামিন মঞ্জুর করেন।

গত ২৫ আগস্ট কদমচিলান এলাকায় চ্যালেঞ্জার বাস ও লেগুনার সংর্ঘষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ২০-২৫ জন। পরে লালপুর থানার এসআই সাইদুজ্জামান বাদী হয়ে বাসটির চালক-হেলপারসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় বগুড়ার ডিবি পুলিশ হেলপার আব্দুস সামাদ ও চালক শামীম হোসেনকে আটক করে। গত বৃহস্পতিবার নাটোর ডিবি পুলিশ চালক-হেলপারকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে।