এই সরকার ফের বিজয়ী না হলে ভাগ্যের উন্নয়ন হবে না: মঞ্জু

ভাণ্ডারিয়ায় পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুপানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করতে হবে। এই সরকার ফের বিজয়ী না হলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। দক্ষিণাঞ্চলেরও আর উন্নয়ন হবে না।’

বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিরাপদ পানি সররবাহ র্শীষক প্রকল্পের আওতায়  গভীর নলকূপ প্রাপ্তদের মাঝে বরাদ্দ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন মন্ত্রী। 

মঞ্জু বলেন, ‘সরকার জনগণের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য যে বরাদ্দ দেয় তার সদ্ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। সুপেয় পানির জন্য এ অঞ্চলে গভীর নলকূপ স্থাপন করার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে এ সেবা প্রদান করছেন। এর জন্য আল্লাহর প্রতি যেমন কৃতজ্ঞ থাকতে হবে, তেমনি প্রধানমন্ত্রীকে শুকরিয়া জানাতে হবে।’ভাণ্ডারিয়ায় পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

মন্ত্রী আরও বলেন, ‘জনপ্রতিনিধিসহ সবাইকে জনগণের মধ্যে সব সেবা পৌঁছে দিতে আরও দায়িত্বশীল হতে হবে। নলকূপ, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ইত্যাদি প্রয়োজন মেটাতে জনগণকে অর্থ খরচ করতে হয় না। গ্রামের মানুষ নিরীহ ও সহজ সরল বলে নলকূল-পল্লী বিদ্যুৎ ইত্যাদি প্রয়োজন মেটাতে অনেক সময় বঞ্চিত হন। মনে রাখতে হবে বরাদ্দকৃত নলকূপ একজনের নামে হলেও তিনি এর কেয়ারটেকার এবং এর ব্যবহার কমিউনিটিভিত্তিক। সরকার কোনও টাকার বিনিময় এসব সেবামূলক কাজ করে না। এ সেবা জনগণকেই বুঝে নিতে হবে এবং এর বাস্তবায়ন ও রক্ষনাবেক্ষণ যাতে সঠিকভাবে হয় তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। গ্রামে গ্রামে ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে। এই গাছের যত্ন করতে হবে। জনগণই যার ৭০/৭৫ শতাংশ মালিকানা পাবেন। আমাদের পরিবেশসচেতন হতে হবে।’

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমি ১৮ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে চারবার এবং প্রেসিডেন্ট এরশাদের সরকারে দুইবার মন্ত্রিত্ব করছি। গত ৩৪ বছর ধরে এলাকার সঙ্গে আছি। কিন্তু কখনও দলীয় রাজনীতির কথা বলি নাই। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন বরাদ্দ বেশি পাওয়া যায়। হানাহানি-সংঘাত-কাইজ্জা করলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।’

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমির সভাপতিত্বে আরও বক্তৃতা করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, জেপি নেতা গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী প্রমুখ। মন্ত্রী এরপর ভিটাবাড়িয়া ইউনিয়নে নিরাপদ পানি সরবারহ র্শীষ প্রকল্পের আওতায় গভীর নলকূপ প্রাপ্তদের মাঝে বরাদ্দ পত্র বিতরণ করেন। সব মিলিয়ে দুই ইউনিয়নের ৪৪৭ পরিবারের মাঝে গভীর নলকূপের বরাদ্দপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন- গণতান্ত্রিক আবহ সৃষ্টির গ্যারান্টি চাই: বি. চৌধুরী