শার্শায় ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক

জব্দ করা স্বর্ণের বারযশোরের শার্শায় আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শার্শার শালকোনা ক্যাম্পের বিজিবি সদস্যরা এই অভিযান চালান।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি থানার খড়কী গ্রামের মমিনুল ইসলামের ছেলে হাসান আলীকে (৩০)  সোনার বারসহ আটক করেছে বিজিবি।যশোরে স্বর্ণসহ আটক ব্যক্তি

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ সোনার একটি চালান শার্শার আমতলা গাতিপাড়া হয়ে শালকোনা সীমান্তের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য আব্দুর রহমান, ছিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালান। এ সময় হাসান আলী নামে একজনকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের সোনাসহ আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, হাসান আলী নামে একজন  স্বর্ণ পাচারকারীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।