আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে বৃহস্পতিবার বাদ জোহর আমবয়ানের মধ্যে দিয়ে ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগের মুরব্বি মুফতি আজিদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইজতেমার বয়ান শুরু করেন।
ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মুরব্বিদের অবস্থানের জন্য পুরো মাঠে ছাউনি দেওয়া হয়েছে। তাবলিগের সাথিদের আগমনে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। মুসল্লিরা জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা এই ইজতেমা মাঠে যোগ দিয়েছেন। এখান থেকে ইমান ও আমল শিখে তারা বাড়ি ফিরবেন।
ফুলবাড়ী উপজেলা তাবলিগের আমির আফতাব উদ্দিন বলেন, ‘তাবলিগের কেন্দ্রীয় সিদ্ধান্তে এই বছর দিনাজপুর জেলা ইজতেমা ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা সমাপ্ত হবে। দিনাজপুর জেলা ইজতেমার আমির মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যর একটি আয়োজক কমিটি মুরব্বিদের পরামর্শ অনুযায়ী এই ইজতেমা পরিচালনা করছেন।’
আয়োজক কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক ও সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী বলেন, ‘দিনাজপুর জেলা ইজতেমা হলেও এই ইজতেমায় দিনাজপুরসহ উত্তারাঞ্চরের সব স্থান থেকে তাবলিগের সাথি ভাই অংশগ্রহণ করেছেন।’
এদিকে ইজতেমা মাঠে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে একটি পুলিশ কন্ট্রেল রুম। সেখান থেকে সিসি ক্যামেরার সাহায্যে ইজতেমা মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ‘ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনজন পুলিশ পরিদর্শক, ১০ জন উপ-পুলিশ পরিদর্শক ও ২০ জন উপ-সহকারী পুলিশ পরিদর্শকসহ ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও র্যাব সদস্যর টহল জোরদার করা হয়েছে।’
আরও পড়ুন- কুড়িগ্রামে চলছে নির্বিচারে ডলফিন শিকার