চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ১

জাল নোট তৈরির একটি কারখানায় র‌্যাবের অভিযানচাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ রুবেল ইসলাম (২২) নামের একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লার একটি ভাড়া বাড়িতে জাল নোট তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ ও ভারতীয় মুদ্রার প্রায় কোটি টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করে র‌্যাব।

জাল নোটসহ র‌্যাবের হাতে আটক যুবকআটক রুবেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়বাগান মহল্লার আকবর আলীর ছেলে। সে রাজশাহী জেলার গোদাগাড়ি কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র। 

জাল নোটচাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘আমরা জানতে পারি টিকরামপুর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের মুদ্রা তৈরি করে আসছে। এ তথ্য পেয়ে  সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ল্যাপটপ, প্রিন্টার, ডায়েস, কাগজ, কালিসহ প্রায় কোটি টাকার ভারতীয় জাল রুপি এবং জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় সেখান থেকে রুবেলকে আটক করা হয়।’

জাল নোট তৈরির সরঞ্জামর‌্যাব আরও জানায়, ঈদের সময় সাধারণত ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি জাল টাকা বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে গরুর বাজার ও সীমান্তের বিট-খাটালে এসব টাকার ব্যবহার বেশি হয়। রুবেল এসব টাকা বিভিন্ন  ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে এবং এভাবেই জাল টাকা ছড়িয়ে পড়ে সর্বত্র।