রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ আটক ২

আটক দুই ব্যক্তি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি মোড় থেকে একটি এলজি ও ৪২ রাউন্ড বিভিন্ন আস্ত্রের গুলিসহ দু’জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে ওসি আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশের একটি টিম গুলিসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার দক্ষিণ মুসলিম পাড়ার মৃত ওয়ারিশ মিয়া পোদ্দারের ছেলে মো. সিদ্দিক মিয়া পোদ্দার (৫৫), চন্দ্রঘোনা থানার তিনছড়ি নোওয়াপাড়ার মংসাচিং মারমার ছেলে মংখ্যাইন মারমা (২৮)।

এসময় আটকদেরর কাছ থেকে একটি গুলিসহ এলজি থ্রি নট থ্রি এবং চায়না এসএমজির ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

রাঙামাটি নানিয়ারচর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে। আমরা আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।’ আটক ব্যক্তিদের শনিবার কোর্টে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।